ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ
বক্তারা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গোপালগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনের সড়কের ৫০০ মিটার এলাকায় রেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক ও মোল্লাহাট ফেরিঘাট মাদ্রারাসর মুহতামিম মুফতি মোস্তফা কাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন গওহরডাঙ্গা কওমি শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হক, টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল হক, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, বাঁশবাড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক।
বক্তারা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই যানবাহনে চড়ে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ সমাবেশস্থলে আসতে থাকেন। সকাল সাড়ে ৯টার মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
তারা প্রেসক্লাবের সামনের সড়কের দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন রচনা করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। প্রায় তিন ঘণ্টা এ কর্মসূচি চলে।
