২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

শেরপুরে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা শুরু

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালো বিডির নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 12:17 AM

Updated : 18 Nov 2022, 12:17 AM

শেরপুরে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর নিউমার্কেটের পালকি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

উদ্বোধনী পর্বে হ্যালো বিডির নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় সভাপতিত্ব এবং শেরপুর জেলার তত্ত্বাবধায়ক মো. আব্দুর রহিম বাদল সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান।

দুদিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন সুলাইমান নিলয়।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ জন শিশু-কিশোর অংশ নিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কামরুজ্জামান শিশুদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়ার অনুরোধ জানান।

তিনি বলেন, “বঙ্গবন্ধুকে জানলেই তোমরা বাংলাদেশকে জানবে।”

বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, শিশুদের জন্য আইন ও অধিকার, সাংবাদিকতা, ধর্মীয় মূল্যবোধ, যৌন হয়রানি, বাল্য বিয়ে, মাদক এবং সংবাদ লেখার কলাকৌশল বিষয়ে শিশুদের ধারণা দেন এসপি কামরুজ্জামান।

যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য এসপি তার সরকারি মোবাইল ফোন নম্বর শিশু সাংবাদিকদের দেন। 

কর্মশালায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।