২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে আঘাত লেগে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 04:02 PM

Updated : 21 Feb 2023, 04:08 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের প্রাণ গেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাজী সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল ইসলাম (১৭) রূপগঞ্জ উপজেলার মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং বাগবের এলাকার কর্ডোভা হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় আহত আতিকুলের বন্ধু গোয়ালপাড়া এলাকার আব্দুল ওহাদের ছেলে মো. সাব্বির (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আতিকুল। সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে আঘাত লেগে আতিকুল ও তার বন্ধু সাব্বির গুরুতর আহত হয়।

পরে দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আতাউর বলেন, “আতিকুল নিজে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আহত তার বন্ধু এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

নিহত আতিকুলের মামা রিপন মিয়া বলেন, “আর ভাগ্নে এসএসসি পরীক্ষার্থী ছিল। রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধু আহত হয়। ভোরে আতিকুল মারা যায়।”