ঠাকুরগাঁওয়ের সাতবারের এমপি দবিরুল ইসলামের মৃত্যু
শুক্রবার বিকেলে ঠাকুগাঁওয়ের শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দবিরুল ইসলামকে দাফন করা হবে।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দবিরুল ইসলামের বড় ভাই ও ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, শুক্রবার বিকেল ৩টায় ঠাকুগাঁওয়ের শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মোহাম্মদ আলী বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দবিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয়। ওই বছরের ৩ অক্টোবর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দীর্ঘসময় কারাবন্দি থাকার পর চলতি বছরের মে মাসে জামিনে মুক্তি পান দবিরুল। পরে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তার।
১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তার রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিয়ে। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং উত্তরবঙ্গের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন।
ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে দবিরুলের। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ এবং ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন।
পরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
