১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারেন্ট জাল: বিক্রেতার দণ্ড ও ক্রেতা দুই ভাইকে জরিমানা

বাজারের দুইটি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও কয়েকটি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 02:16 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

বরিশালের মুলাদী উপজেলায় অবৈধ কারেন্ট জাল বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও কারেন্ট জাল কিনতে গিয়ে ক্রেতা দুই ভাইকে জরিমানা গুনতে হয়েছে।

বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজামউদ্দিন এ আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে দণ্ডিত কারেন্ট জাল ব্যবসায়ীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান।

দণ্ডিত জাল বিক্রেতা হলেন- মুলাদীর নন্দীর বাজারের ব্যবসায়ী ও ভাঙ্গারমোনা এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে আজিজুল হাওলাদার (২৮)।

জরিমানা দেয়া ক্রেতারা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার মো. সিরাজ হাওলাদারের ছেলে মো. নজরুল হাওলাদার (৩৫) ও ছেলে জহিরুল হাওলাদার (৩০)।

মুলাদী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “মুলাদী বন্দর পূর্ব বাজারের সাপ্তাহিক হাটের দিন ছিল বুধবার। বাজারের দুইটি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও কয়েকটি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

“আটক করা হয় জাল বিক্রেতা আজিজুল ও ক্রেতা দুই ভাইকে।”

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয় বলে জানান তিনি।