১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত ভাড়া: নোয়াখালীতে ৪ বাসকে জরিমানা, টাকা ফেরত পেলেন যাত্রীরা

“এসব পরিবহনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 11:43 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে চারটি বাস সার্ভিসকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পাশপাশি যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার রাতে চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন।

এ সময় যাত্রীরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সহকারী কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, “অভিযানে বিভিন্ন রুটে চলাচলকারী চারটি বাস সার্ভিসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। এ সময় এসব পরিবহনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

“অভিযান চলাকালে দূর পাল্লার বিভিন্ন বাস থামিয়ে সরকারিভাবে নির্ধারিত ভাড়ার তালিকা যাচাই করা হয় এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করা টাকা ঘটনাস্থলেই যাত্রীদের মাঝে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।”

ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে সাহাদাত হোসেন জানিয়েছেন।