১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় শুক্রবার সকালে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 03:43 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুর ২টার দিকে তাকে কারাগারে আনা হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি বলেন, “সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি।

“আমাদের কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলো সম্পন্ন করা হচ্ছে”, বলেন এই কারা কর্মকর্তা। 

এর আগে শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। 

পরে সকাল ১০টায় তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান

তিনি বলেন, “তার বিরুদ্ধে কোনো রিমাণ্ড আবেদন করেনি পুলিশ৷ জামিনও চাওয়া হয়নি৷ তাকে আদালতে তোলা হলে আদালত হত্যা মামলাটিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷”

পরে নারায়ণগঞ্জ জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷ তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন৷”

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।

পুলিশের এ অভিযানের খবরে তখনই সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ।

তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন।

রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র।

পরে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন। রাতভর তারা বাড়ির সামনেই ছিলেন।

পুরানো খবর...

সাবেক মেয়র আইভীকে পাঠানো হল কাশিমপুর কারাগারে

পোশাক শ্রমিক হত্যা মামলায় কারাগারে আইভী

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: গ্রেপ্তারের আগে আইভী

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ

রাতভর অপেক্ষা করিয়ে সকালে পুলিশের গাড়িতে উঠলেন আইভী

সাবেক মেয়র আইভীর বাড়িতে পুলিশ, বাইরে কর্মী-সমর্থক