১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মেয়র আইভীর বাড়িতে পুলিশ, বাইরে কর্মী-সমর্থক

পুলিশ যাওয়ার খবরে এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা সেখানে অবস্থান নিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 04:39 AM

Updated : 10 Sep 2026, 12:41 PM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে নগরীতে তার বাড়িতে অভিযানে গেছে পুলিশ৷ 

বৃহ্স্পতিবার মধ্যরাতে নগরীর দেওভোগ এলাকায় সাবেক মেয়রের বাড়ি ‘চুনকা কুটিরের’ বাইরে পুলিশ যাওয়ার খবরে অনেক এলাকাবাসী ও কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রাত ১২টায় মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে (আইভি) গ্রেপ্তারের জন্য গিয়েছে জেলা পুলিশ৷”

রাত পৌনে ১২টার দিকে জেলা পুলিশ অতিরিক্ত জনবল নিয়ে সাবেক মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়৷ তাদের মধ্যে সদর থানার ওসি নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করে।

এ খবর ছড়িয়ে পড়লে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানে তারা বলছেন, ‘নির্দোষ আইভীকে নিয়ে যেতে দেব না’।

সাড়ের ১২টার পরে বাড়ির সামনে ভিড় বাড়তে থাকলে বাইরে থাকা পুলিশ সদস্যরা চলে যান। তবে বাড়ির ভেতরে ঢোকা পুলিশ সদস্যরা সেখানেই অবস্থান করছিলেন।

পরে রাতে অতিরিক্ত পুলিশের একটি দল এলেও কর্মী সমর্থকদের বাধায় ভেতরে যেতে পারেননি। 

আইভি পুলিশ কর্মকর্তাদের বলেছেন,‌ রাতে তিনি যাবেন না।

ভোর সাড়ে ৪টার দিকেও কর্মী-সমর্থকরা অবস্থান ছাড়েননি। পুলিশও জোর জবরদস্তি করেনি।