১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণার হাওরে চালককে হত্যা করে ‘মোটরসাইকেল ছিনতাই’

ওসি বলেন, মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের সংসার চালাতেন সোহাগ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নেত্রকোণার বাউসা হাওর থেকে ভাড়ায় মোটরসাইকেল চালানো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার রাতে আটপাড়া উপজেলার সুখাইর ইউনিয়নের বাউসা হাওর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান। 

নিহত সোহাগ চৌধুরী (৪৫) জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। 

স্থানীয়তের বরাতে ওসি মো. আশরাফুজ্জামান বলেন, মোটরসাইকেল ভাড়ায় যাত্রী পরিবহন করে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের সংসার চালাতেন সোহাগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। 

সর্বশেষ রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পরে আটপাড়া উপজেলার বাউসা হাওরে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

ওসি আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি।

তবে ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।