নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বাংলাদেশ কৃষি ব্যাংক: চেয়ারম্যান
কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন নূরুল আমিন।
নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ কৃষি ব্যাংক নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
প্রতিটি উপজেলায় যেন অন্তত পাঁচজন করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হয়, সে লক্ষে ব্যাংক কর্মকর্তাদের গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হল মুক্তমঞ্চে আলোচনা সভায় এসব বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
পরে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে জানিয়ে নূরুল আমিন বলেন, “বিশেষ করে ফ্যামিলি কার্ডের দায়িত্ব সরকার তিনটি ব্যাংককে দিয়েছে, এর মধ্যে কৃষি ব্যাংক।
“এটি আমাদের জন্য সরকারের একটি স্বীকৃতি। আমরা যে তা করতে পারি তার প্রমাণ। কিউআর কোডে আমরা অগ্রসর হচ্ছি। এর মধ্যে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে।”
পরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় সম্মেলনে শতভাগ সেবা নিশ্চিত করে সঠিক দায়িত্ব পালন করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন চেয়ারম্যান।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, মোহাম্মদ খালেকুজ্জামান এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান উপস্থিত ছিলেন।
