Published : 09 Sep 2026, 02:53 PM
লক্ষ্মীপুরে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি বা প্রায় ৯ মণ নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালায় বলে জানান লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
অর্থদণ্ডপ্রাপ্ত নিপন চন্দ্র দাস সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার ইন্দ্র চন্দ্র দাসের ছেলে ও পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।
সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ বলেন, “নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিল। অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। প্রায় ৯ মণ নকল ঘি জব্দ করে পরে বিনষ্ট করা হয়েছে।”
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর এলাকার সমসেরাবাদ ও শাখারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠান থেকে বিপুল নকল ঘি জব্দ করা হয়েছিল। এর মধ্যে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যজনকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।