Published : 31 Dec 2025, 06:30 PM
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে নেত্রকোণায় দুই দিনব্যাপী শিশুসাংবাদিকতা বিষয়ে কর্মশালা শেষ হয়েছে।
ইউনিসেফের সহযোগিতায় বুধবার জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেন।
এতে শিশু সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন কলা-কৌশল, শিশু অধিকার ও ভিডিও কন্টেন্ট নির্মাণ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন নেত্রকোণা জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহমেদ।
এ সময় তিনি বলেন, “এই শিশু সাংবাদিকেরা দেশের শিশুদের প্রতিনিধিত্ব করবে। মিডিয়ার মাধ্যমে তারা তাদের বিষয়কে সবার সামনে তুলে ধরবে। এ বড় আশার কথা।”
এর আগে মঙ্গলবার কর্মশালার উদ্বোধন করেন নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন নেত্রকোণা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
উদ্বোধন অনুষ্ঠানে গিয়াস উদ্দিন আহমদ বলেন, শিশুদের মনন বিকাশে শিশু সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহবুবুল কিবরিয়া বলেন, শিশুদের কথা শিশুরাই তাদের মতো করে বলবে। তাদের সমস্যা, তাদের সম্ভাবনা, তাদের ভাবনা তারা নিজেরা তুলে ধরবে। মিডিয়ায় এই সংযোজন আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়ায় নতুন মাত্রা যোগ করবে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোণা জেলা তত্ত্বাবধায়কের পরিচালনায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ফয়সাল আতিক।