১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে দুই বস্তিতে অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ৩৫

অভিযানে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭টি ইয়াবা, একাধিক দেশি অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। 

তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হাজি মাজার ও এরশাদনগর বস্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন  গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। 

হাজি মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যৌথ বাহিনীর দুটি পৃথক দল সমন্বিতভাবে এরশাদনগর ও হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭টি ইয়াবা, একাধিক দেশি অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করে। 

অভিযানে আটক ৩৫ জনকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্দিক আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।