Published : 27 Jun 2026, 10:02 PM
চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের মাধ্যমে দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতা ও বড় বড় বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের ইতিবাচক ফল হিসেবে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে বলে আমরা আশা করছি।”
তিনি বলেন, “বাংলাদেশ যদি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সৃষ্টি হবে।”
চীন এরই মধ্যে বাংলাদেশের সব পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন সেই সুযোগ কাজে লাগাতে দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করাই সরকারের প্রধান কৌশল।
“আগামী দিনে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের মূল কৌশল হচ্ছে বাংলাদেশে বেশি বেশি চীনা বিনিয়োগ নিয়ে আসা। চীন আমাদের সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এখন বিনিয়োগ বাড়লে এখানেই উৎপাদন হবে, রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতিও কমবে।”
এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “চট্টগ্রামে ৮০০ একরজুড়ে একটি চীনা শিল্প পার্ক গঠনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এ শিল্প পার্ক চালু হলে চীনা বিনিয়োগ আরও বাড়বে এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।”

সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “কমিটি গঠনে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি। প্রচলিত নিয়ম অনুসরণ করেই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।”
নবীনবরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়ন ব্যাহত হয়।”
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম আলী আহমদ, মুখ্য বিচারিক হাকিম মো. হাসাম ইমাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুদীপ্ত তালুকদার, মহানগর হাকিম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।