Published : 01 Dec 2025, 07:09 PM
প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনের মুখে রাজবাড়ীর একটি বিদ্যালয়ে দেড় ঘণ্টা পর পরীক্ষা হয়েছে। এর আগে পরীক্ষা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল বাক-বিতণ্ডা হয়।
পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।
অভিভাবকরা বলেন, তারা সকাল সাড়ে ৯টায় সন্তানদের নিয়ে বিদ্যালয়ে আসেন। তখন শিক্ষকরা জানান, তাদের আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পরীক্ষা গ্রহণ করবেন না। এ নিয়ে বাকবিতণ্ডা হয়।
শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন চলতে পারে না বলেও মন্তব্য করেন অভিভাবকরা।

আছিয়া খাতুন নামের এক অভিভাবক বলেন, “মেয়েকে নিয়ে সকালে স্কুলে এসেছি। তখন শিক্ষকরা বলেন, আজ পরীক্ষা হবে না। তারা আন্দোলন করছেন। শিক্ষকরা তো এটা অভিভাবকদের আগেই জানিয়ে দিতে পারতেন। তাহলে মেয়েকে নিয়ে স্কুলে আসতাম না।”
আরেক অভিভাবক কামরুল ইসলাম বলেন, “একটার পর একটা আন্দোলন চলছে। শিক্ষার্থীদের জিম্মি করে, জনগণকে জিম্মি করে এভাবে আন্দোলন চলতে পারে না দেশে।
“শিক্ষকদেরকে সরকার সচিবের গ্রেড দিয়ে দিক, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু কোমলমতি শিশুদের কেন জিম্মি করে আন্দোলন করতে হবে? শিশুরা পরীক্ষা দিতে আসছে, কিন্তু তারা পরীক্ষা নেবেন না।”
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “শিক্ষকদের আন্দোলনের কারণে কিছুটা সময় পরীক্ষা বন্ধ রাখা ছিল। দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়েছে।”
জেলা প্রশাসক বলেন, “সরকারি নির্দেশ না মেনে যেসব শিক্ষক পরীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”