Published : 28 Jul 2025, 07:08 PM
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কসেডের পাশে লালমনি এক্সপ্রেস ও বুড়িমারী কমিউটার ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিকালে লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবু আল মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।
তিনি বলেন, “তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রী নামিয়ে ওয়ার্কসেডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ‘লালমনি এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুত