১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিডনি বিকল হওয়া ছাত্রের পাশে শাবির শিক্ষক-শিক্ষার্থীরা

আশরাফুল আলমের দুই কিডনি প্রতিস্থাপনে প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 11:06 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

দুই কিডনি বিকল হওয়া এক ছাত্রের পাশে দাঁড়িয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক ও মানসিক সুস্থতা বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাবের’ উদ্যোগে শনিবার পাঁচ কিলোমিটার দৌড়েছেন তারা। 

এ সময় তারা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি দেন। বিপরীতে সংগঠনের পক্ষ থেকে তাদের একটি টি-শর্ট ও খাবার দেওয়া হয়। আয়োজন থেকে ৬০ হাজার টাকা সহায়তা পাওয়া যায় বলে আয়োজকরা জানান।

কিডনি বিকল হয়ে যাওয়া আশরাফুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চিকিৎসকরা বলেছেন, তার দুই কিডনি প্রতিস্থাপনে প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। 

আয়োজকরা বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে দৌড় শুরু হয়। ক্যাম্পাসের আয়েশা সিদ্দিকা হল সংলগ্ন রাস্তা হয়ে বিজয়-২৪ হল প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে দৌড় শেষ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

পরে ৬০ হাজার টাকা শিক্ষার্থী আশরাফুল আলমের লোক প্রশাসন বিভাগের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন ‘সাস্ট ফিটনেস ক্লাবের’ প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. মোজাম্মেল হক। 

আয়োজকরা বলেন, এ আয়োজনের লক্ষ্য ছিলো একজন মানুষের পাশে দাঁড়ানো। তাই বিজয়ীদের জন্য কোনো পুরস্কার রাখা হয়নি।