১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনার সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনে সাংবাদিকের মামলা

তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সাইবার আইনে বরগুনার ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন এক সাংবাদিক। 

বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন দৈনিক মফস্বল বার্তা পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মতিউর রহমান। 

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান। 

মামলার বিবাদীরা হলেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, জিয়াউল ইসলাম, মাসুম বিল্লাহ ও জাকির হোসেন জুয়েল। 

বেঞ্চ সহকারী নাজমুল হাসান মামলার বরাতে বলেন, বাদী মতিউর রহমান বাংলাদেশ প্রেস ক্লাবের বরগুনা জেলা শাখার সদস্য হওয়া বনভোজনের জন্য সমাজের কিছু গণ্যমান্যদের আমন্ত্রণ দেওয়ার দায়িত্ব পান। ৩০ জানুয়ারি তিনি পাথরঘাটায় ডা. বশির আহম্মেদের চেম্বারে আমন্ত্রণ জানাতে যান। সেখান থেকে বের হওয়ার সময় বিবাদীরা এসে তাকে ঘিরে ধরে। তাকে অকথ্য ভাষায় গালি দেয়।

এক পর্যায়ে তার ছবি ও ভিডিও ধারণ করে। তাকে মারধরও করা হয়। পরে ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। লাঞ্ছিত করার ভিডিও প্রচার করে সমাজে তাকে হেয়-প্রতিপন্ন ও সম্মানহানি করা হয়েছে।