২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই’

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে ছাত্রলীগ নেতার দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে।

‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই’
শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল বেপারী।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2024, 06:27 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

“আমরা অনেকেই রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। এসব লোক থেকে দূরে থাকতে হবে। ভোটে কোনো সন্ত্রাসী কাজে আসবে না, ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই।”

শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে পথ সভায় অংশ নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল বেপারী এসব কথা বলেন।

চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস ফরাজীকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও নিজের ফেইসবুক পেইজে আপলোড করেছেন ছাত্রলীগের এ নেতা।

মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ে। রোববার বিকালে জাজিরা উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনি সভায় তিনি এ বক্তব্য দেন।

৪ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে রুবেল বেপারী বলেন, “ইদ্রিস ফরাজীর বিরুদ্ধে যিনি (ঘোড়া প্রতীকের এস এম আমিনুল ইসলাম রতন) প্রার্থী হয়েছেন, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছেন। গত নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ করেছেন, তাদেরকে হত্যা করে তিনি মামলার আসামিও হয়েছেন।

“সকলেই জানেন ওই প্রার্থী বক্তৃতায় ইদ্রিস ফরাজীর বিরুদ্ধে হুমকি-ধমকি দেন। আসলে সাধারণ মানুষ ইদ্রিস ফরাজীর পক্ষে আছেন। আমরাও তার পক্ষে আছি। আপনার এই হুমকি-ধমকি কোনো কাজে আসবে না। ২১ মে নির্বাচন একটি স্বচ্ছ, সুন্দর ও গঠনমূলক হবে। সাধারণ মানুষ মোটরসাইকেল প্রতীকে তাকে ভোট দেবেন।”

ইদ্রিস ফরাজীকে চেয়ারম্যান বানিয়ে আমরা ঘরে ফিরব, এর আগে কেউ ঘরে ফিরব না বলেও মন্তব্য করেন ছাত্রলীগ নেতা রুবেল বেপারী।

এ বিষয়ে রুবেল বেপারী সাংবাদিকদের বলেন, “বক্তব্যটা ওভাবে দেইনি। আমি বলেছি সন্ত্রাস করে লাভ নাই। ছাত্রলীগ সন্ত্রাস করে না। ছাত্রলীগ সন্ত্রাস করলে অনেক কিছু করতে পারে। বক্তব্যটা এডিট করা। আমার কাছে সম্পূর্ণ ভিডিও রয়েছে, আপনি আমার ফেইসবুক আইডিতে গিয়ে দেখুন।”

নির্বাচনি কাজে ব্যস্ত আছি, ফ্রি হয়ে যোগাযোগ করব বলে ফোন কেটে দেন ছাত্রলীগের এই নেতা।

বিষয়টি সম্পর্কে জানতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। 

ছাত্রলীগ নেতা রুবেল বেপারীর বক্তব্য উসকানিমূলক উল্লেখ করে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন বলেন, “এমন বক্তব্য দিয়ে ঘোড়া প্রতীকের সমর্থকদের দাবিয়ে রাখা যাবে না। ঘোড়া প্রতীকের সমর্থকরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”

শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর বলেন, “ছাত্রলীগে কোনো সন্ত্রাস নাই। এমন কথা যদি কেউ বলে থাকেন, তবে সেটা তার ব্যক্তিগত। তবে ওই নেতার বক্তব্যের বিষয়ে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসরণ করব।”