১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধামরাই উপজেলা পরিষদের পুকুরে ভাসছিল বৃদ্ধার লাশ

মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী সন্ধ্যা রানী ভাইদের পরিবারে থাকতেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে এক বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ধামরাই থানার এসআই সাইফুল ইসলাম।

মৃত সন্ধ্যা রানী পাল (৬৫) ধামরাই পৌরসভার বড়বাজার এলাকার প্রয়াত নিপেন্দ্র পালের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন। মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী সন্ধ্যা রানী ভাইদের পরিবারে থাকতেন।

স্বজন ও পুলিশ জানায়, উপজেলা পরিষদের পাশেই থাকতেন তিনি। সন্ধ্যা দিনভর আশপাশে ঘোরাঘুরি এবং গোসলসহ যেকোনো প্রয়োজনে উপজেলা পরিষদের পুকুর ব্যবহার করতেন। তবে তিনি সাঁতার জানতেন না।

ভোরের দিকে সন্ধ্যা বাড়ি থেকে বের হয়ে উপজেলার দিকে যান। সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

এসআই সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে স্বজনরা তার সৎকার করেন।