১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুধের চেয়ে গো-খাদ্যের দাম যেন বেশি না হয়: ফরিদা আখতার

সিরাজগঞ্জে খামারীদের জন্য দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

দুধের চেয়ে গো-খাদ্যের দাম যেন বেশি না হয়: ফরিদা আখতার
সিরাজগঞ্জে খামারীদের জন্য দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

বিডিনিউজ২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

দুধের চেয়ে কোনোভাবেই যেন গো-খাদ্যের দাম বেশি না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, “খামারীরা অনেক কষ্ট করে পশু লালনপালন করেন। তারা যদি দুধের দাম ঠিকমত না পান, তাহলে কোনো স্বার্থকতা থাকে না। তাই শীঘ্রই দুধের দাম বাড়ানো হবে। সেইসঙ্গে দুধের চেয়ে কোনক্রমেই যেন গো-খাদ্যের দাম বেশি না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।” 

শনিবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বাথান এলাকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

খামারীদের জন্য দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “পাবনা-সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশি পশু পালন করা হয়। এই অঞ্চল থেকে দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পূরণ হয়ে থাকে।

“এই অঞ্চলের পশু যেন ক্ষুরা এবং জ্বর থেকে মুক্ত থাকে সেজন্য ভ্যাকসিন প্রদান করতে হবে; যেটি সরবারাহের দায়িত্ব সরকারের। এটা কোনো দয়া নয় বরং খামারীদের অধিকার। খামারীরা তাদের অধিকার আদায় করে নেবেন। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে এই অঞ্চলের গবাদি পশু সুস্থ এবং মাংস ও দুধ উৎকৃষ্ট মানের।”

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বড় বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, তা আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরা করে দেখিয়েছে। 

তাই আগে কী হয়েছে; তা নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজেদের অধিকার আদায় করে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা ফরিদা আখতার।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক মো. আবু সুফিয়ান, সম্প্রসারণ পরিচালক শামসুন্নাহার আহম্মদ, পরিচালক এ বি এম আব্দুর রাজ্জাক, এলডিডিপির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সোনালী খাতুন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ এবং ফারজানা মিমি বক্তব্য দেন।