Published : 05 Aug 2026, 09:16 PM
শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্রশিবিরের ‘অপরাজনীতির’ প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভি,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সহসভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা হাছিবুর রহমান অভি বলেন, “১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল রাজপথে প্রকাশ্যে আন্দোলন-সংগ্রাম করেছে। গণঅভ্যুত্থানে আমাদের অংসখ্য নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এখন দেখছি ৫ অগাস্টের পরে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন অপকর্ম করে বেড়াচ্ছে।”
ছাত্রদল নেতা আবুল বারাকাত সৌরভ বলেন, “শিবির দেশব্যাপী অপরাজনীতি করে আসছে। তাদেরকে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধ করে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অশালীন ও উসকানিমূলক বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে।
“ছাত্র রাজনীতি হবে শিক্ষা-শৃঙ্খলা, সহমর্মিতা-শিক্ষা বান্ধব এবং জনকল্যাণমুখী। দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন কথাবার্তা দিয়ে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।”