বিআইটি গঠনের দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের ‘ব্লকেড’, যানজটে ভোগান্তি
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে চেষ্টা করা হচ্ছে বলে বেলা ২টার দিকে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
ওসি বলেন, শিক্ষার্থীরা রহমতপুর বাইপাস মোড়ে অবস্থান নিয়ে সড়ক ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকা-ময়মনসিংহ সড়কে সবধরনের যানবাহন এই এলাকা পর্যন্ত এসে থেমে যায়। ফলে ধীরে ধীরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়, তবুও শিক্ষার্থীরা আন্দোলন চলমান রাখে। দাবি বাস্তবায়নে নানা শ্লোগান দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থী আলামিন বলেন, “আমরা প্রায় দুই মাস ধরে আন্দোলন করছি। কিন্তু কেউ কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে আমরা ব্লকেড কর্মসূচি শুরু করেছি।”
শিক্ষার্থীরা জানান, চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) আত্মহত্যা করেন।
এ ঘটনার পর ২০ মে থেকে শিক্ষার্থীরা একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের করে বিআইটি গঠনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর মধ্যে কোরবানি ঈদের ছুটি শুরু হয়। পরে ১৪ জুন প্রতিষ্ঠান খোলা হলেও পাঠ ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেননি তারা।
টানা আন্দোলনের মধ্যে ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হলেও কলেজে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে।
এদিকে যানজটে ভোগান্তিতে পড়া অটোরিকশা চালক মাসুদ রানা বলেন, “সকাল থেকে মোড় ব্লক দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। যার কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমরা চলাচল করতে পারছি না। সাধারণ যাত্রীরাও ভোগান্তির মধ্যে পড়েছে।”
প্রান্তিক সুপার পরিবহনের যাত্রী মারিয়া জান্নাত বলেন, “কয়েক ঘণ্টা যানজটের মধ্যে বসে আছি গাড়ি চলছে না। শুনেছি শিক্ষার্থীরা আন্দোলন করছে। কোনো কিছু হলেই রাস্তা অবরোধ করে দেওয়া মোটেও কাম্য নয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। ”
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল শুরু হয়ে ভোগান্তি নিরসন হবে।
