Published : 12 Aug 2026, 05:47 PM
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ার এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সংশ্লিষ্ট কোম্পানির কার্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন।
মৃত দোরোখিন সের্গেই প্রকল্পটির নির্মাণকাজে নিয়োজিত ‘এটোম টেক এনার্গো’ নামের একটি রাশিয়ান প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্প থেকে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যোগ দিয়েছিলেন দোরোখিন সের্গেই। তবে হঠাৎ কার্যালয়ের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে লাশ মরদেহ উদ্ধার করে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।