Published : 27 Apr 2026, 09:32 PM
লক্ষ্মীপুর পৌরসভার ৪৮ পরিচ্ছন্নতা কর্মীকে জীবন বীমার আওতায় আনা হয়েছে। ১৫ বছর মেয়াদের এ বীমার প্রথম কিস্তি পৌরসভা থেকে পরিশোধ করা হয়। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা ও অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।
সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রথম কিস্তি পরিশোধের ভাউচার হস্তান্তর করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দীন।
এ সময় লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, তাদের বেতন কম, জীবনের নিরাপত্তাও তেমন নেই। ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই। পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তা তাদের জন্য ভবিষ্যৎ সম্পদ; যা ছেলেমেয়েরা ভোগ করতে পারবে।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দীন বলেন, বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ পরিচ্ছন্নতা কর্মীরা। তাদেরকে নিয়ে ভাবতে হবে। তারা যে বেতন পান তা খুবই নগণ্য। তারা চাকরি শেষে কিছুই পান না। তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত।
তিনি বলেন, “তাদের জন্য আবাসনের ব্যবস্থা করেছি; যা অচিরেই বাস্তবায়ন হবে। এ ছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে ৪৮ কর্মীকে জীবন বীমার আওতায় এনেছি। তারা বেতনের সামান্য অংশ জমা দেবেন; আর প্রিমিয়ামের বাকি টাকা পৌরসভা থেকে পরিশোধ করা হবে।”