দিনাজপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন
আটকদের মধ্যে তিনজন নারী এবং তিন পুরুষ এবং নয়জন শিশু রয়েছে; যারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দেওয়ার তিন দিনের মাথায় এবার বিরামপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের পাঠানোর পর আটক করা হয় বলে জানান ফুলবাড়ী বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক টুআইসি মেজর সাজ্জাদ হোসেন।
আটকদের মধ্যে তিনজন নারী এবং পুরুষ তিন এবং নয়জন শিশু; যারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন- আকাশ মোল্লা (৬০), তার স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪) ও মানির মোল্লা (৩০), ছেলের স্ত্রী ঝরনা খাতুন (২৮) এবং প্রতিবেশী তাজমা বেগম (৪০)। বাকিরা শিশু-কিশোর। তারা নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা।
মেজর সাজ্জাদ হোসেন বলেন, রাত ৩টার দিকে অচিন্তপুর সীমান্তের সীমানা পিলার এলাকায় হঠাৎ আলো নিভিয়ে দেয় বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এক পর্যায়ে ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।
বিষয়টি অচিন্তপুর বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যদের নজরে আসলে তাদের আটক করে নিজেদের হেফাজতে নেওয়া হয় বলে জানান তিনি।
আটকদের থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
