১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে ঠেলে দিল বিএসএফ

এর আগে ২৯ মে গভীর রাতে একই সীমান্ত দিয়ে ১১ জন নারীসহ ১৩ জনকে ঠেলে দিয়েছিল বিএসএফ।

দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে ঠেলে দিল বিএসএফ
দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

১৩ দিনের ব্যবধানে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। 

দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান মঙ্গলবার বলেন, সোমবার গভীর রাতে এনায়েতপুর সীমান্তের ভারতের কুশমন্ডি থানার মোল্লাপাড়া গেইট দিয়ে তাদেরকে ঠেলে দেওয়া হয়। 

১৩ জনের মধ্যে নয়জন শিশু। যাদের বয়স ১৪ থেকে দুই। 

তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবি অধিনায়ক জানান। 

২৯ মে গভীর রাতে একই সীমান্ত দিয়ে ১১ জন নারীসহ ১৩ জনকে ঠেলে দিয়েছিল বিএসএফ। পরে বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।