Published : 04 Jan 2026, 02:33 PM
লক্ষ্মীপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানিয়েছেন।
ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ‘ওয়েলকাম জুয়েলার্সের’ স্বত্ত্বাধিকারী।
শুভ পোদ্দার বলেন, তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে স্বর্ণকারের দোকানে তিনি ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ও বাকি ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে চলে আসেন। এরপর একটি অটোরিকশায় বরে জেলা শহর থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।
তার সঙ্গে যাত্রীবেশে অপরিচিত এক নারী ও পুরুষ অটোরিকশায় উঠেন। পিয়ারাপুর এলাকায় পৌঁছালে অপরিচিত নারী পুরুষ তার মুখ বেঁধে ফেলে।
একপর্যায়ে তার সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ী শুভর। তবে তার পকেটে থাকা স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেকটি নেয়নি দূর্বৃত্তরা।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন,“স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
“এমন ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।”
ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এনিয়ে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, “যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ অটোরিকশায় উঠে ঘটনাটি ঘটিয়েছে। এর সঙ্গে অটোরিকশা চালকও জড়িত রয়েছে।”