Published : 03 Dec 2025, 08:40 PM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শহরের টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলাবাসীর আয়োজনে এতে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
এ সময় বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বক্তৃতা দেন।
দোয়া অনুষ্ঠানে অন্তত ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। একই মাঠে আছরের নামাজ অনুষ্ঠিত হয়। দল মত নির্বিশেষে সকলেই এ দোয়ায় সমবেত হন।
এর আগে ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়।
সবশেষ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালে রাখা হয়েছে ‘স্পেশাল কেয়ারে’।