বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে অনশনে শিক্ষক
তার সঙ্গে একাত্মতা পোষণ করা ২০ শিক্ষকদের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশী শিক্ষক বেশি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকটের সমাধান ও পদোন্নতির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন একজন সহযোগী অধ্যাপক। পরে তার সঙ্গে আরও ২০ জন শিক্ষক একাত্মতা পোষণ করেছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অনশন শুরু করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন।
পরে তার সঙ্গে যারা একাত্মতা পোষণ করেন তাদের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশী শিক্ষক বেশি।
অনশন শুরু করা শিক্ষক জামাল বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে। একেকজন শিক্ষককে ১২ থেকে ১৪টি কোর্স পড়াতে হচ্ছে। অন্যদিকে ন্যায্য দাবিটুকু মানা হচ্ছে না।
“আমরা শিক্ষক, লাঠি নিয়ে রাস্তায় নামতে পারি না। তো আমার জায়গা থেকে অনশনে বসেছি। কিছু সহকর্মী সহমত পোষণ করেছেন। আশা করছি সোমবার সকাল ১০টায় বাকি সহকর্মীরা মিটিং করে আমার সাথে একমত পোষণ করবেন।”
আন্দোলনে একাত্মতা পোষণকারী শিক্ষকদের একজন সহযোগী অধ্যাপক মো. সাদেকুর রহমান বলেন, “অধ্যাপক পদোন্নতি বোর্ড হওয়ার পরও দীর্ঘদিন নানা অজুহাতে ঝুলিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছি আমরা। বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের নীতিমালা অনুযায়ী দুই বছর আগে পদোন্নতি হওয়ার কথা, কিন্তু এখনো পাইনি। বাধ্য হয়ে এখন আন্দোলনের দিকে যাচ্ছি।”
শিক্ষকদের অভিযোগ, অধ্যাপক বোর্ড গঠন হলেও পদোন্নতি দেওয়া হচ্ছে না। সহযোগী অধ্যাপকদেরও বোর্ড বসানো হচ্ছে না।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, পদোন্নতির বিষয় নিয়ে ইউজিসির অবস্থান শিক্ষকদের জানানো হয়েছে। ডিনদেরকেও বলা হয়েছে। এখন চেষ্টা চলছে ইউজিসির সঙ্গে আলোচনা করে পদোন্নতির বিষয়টি সমাধানের।
