১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ল মাদ্রাসাছাত্রী

মাদ্রাসা শিক্ষক জানান, যেসব শিক্ষার্থীদের খারাপ বা গরমে অস্বস্তি লাগছে তাদের ছুটি দেওয়া হচ্ছে।

নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ল মাদ্রাসাছাত্রী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গরমে শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়া মাদ্রাসাছাত্রীর মাথায় পানি ঢালা হচ্ছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গরমে শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়েছে এক মাদ্রাসাছাত্রী।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমান উল্যাপুরের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তৈয়ুব উল্যাহ জানান। 

অজ্ঞান হওয়া আফিফা রিজওয়ানা ওই মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনের মেয়ে এবং একই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

মাদ্রাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “আফিফা অজ্ঞান হয়ে পড়লে আমরা দ্রুত মাথায় পানি দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। তার বাবা তাকে চিকিৎসা দিচ্ছেন। আফিফা ছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর এমন অবস্থা হয়েছে। যাদের খারাপ বা গরমে অস্বস্তি লাগছে আমরা তাদের ছুটি দিয়ে দিচ্ছি।”

ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তৈয়ুব উল্যাহ বলেন, “আমাদের ক্লাস শুরু ১০টা ২০ মিনিট থেকে। তার আগেই এমন ঘটনা ঘটেছে। বিদ্যুৎ না থাকায় প্রায় শিক্ষার্থী অসুস্থ হয়েছে। পাঠদানের সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকলে এমন ঘটনা ঘটবে না বলে আমি মনে করি।” 

বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, “আমি বিষয়টি জানি না। বিদ্যুৎ সমস্যার জন্য যদি এমন হয় তাহলে বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলব৷”