১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ধর্ম নিয়ে কটূক্তি’র মামলায় কুড়িগ্রামের যুবক কারাগারে

সম্প্রতি এক ব্যক্তি ফেইসবুকে ইসলাম ধর্মকে কটূক্তি করে একটি পোস্ট দেন। সেটি বিষাদু শেয়ার করেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 04:57 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘ধর্ম নিয়ে কটূক্তি’র মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার সকালে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা জানান। 

গ্রেপ্তার বিষাদু চন্দ্র দাস (২৭) উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলার বরাতে পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যক্তি ফেইসবুকে ইসলাম ধর্মকে কটূক্তি করে একটি পোস্ট দেন। সেটি বিষাদু শেয়ার করেন।  

ঘটনাটি জানাজানি হলে এলাকার কিছু মানুষ বিষাদুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। তিন-চার দিন টানা বিক্ষোভের পর রোববার তারা সড়ক অবরোধ করে আলটিমেটাম দেয়। তখন পুলিশ গিয়ে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। 

এর পরই সোমবার সকালে বিষাদুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা করেন স্থানীয় মহিবর আলী। দুপুরে পুলিশ বিষাদুকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক লিটন চন্দ্র দাশ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, “ধর্ম নিয়ে কটূক্তির মামলায় এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”