Published : 14 Sep 2026, 03:28 PM
ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) বদিউজ্জামান চৌধুরী বাদল।
দণ্ড পাওয়া মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (২৫) উপজেলার খড়িবাড়ি বদেশ্বরী গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পিপি বদিউজ্জামান বলেন, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেওয়া হয়। এরপর তাকে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন দুপুরে ইজিবাইকে করে ওই স্কুলছাত্রীকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান রুবেল ইসলাম।
তিনি বলেন, পরে বাড়ির লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ওইদিনই মেয়েটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেলের বিরুদ্ধে মামলা করেন।
সাত বছর পর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি আরও ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান।
তিনি বলেন, আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ট্রাইব্যুনালে জমা দিতে হবে। পরবর্তীতে সেই অর্থ ভিকটিমকে প্রদান করা হবে।
আইনজীবী বদিউজ্জামান বলেন, “আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমি করে করি মামলার বাদী সঠিক বিচার পেয়েছেন।”
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানিয়েছেন তিনি।