চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের চার ওয়াগন লাইনচ্যুত
“আমরা আশা করছি দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।”
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিনে খুলনা থেকে ছেড়ে আসা ‘খুলনা কে ওয়ান আপ’ তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়।
সকাল ১০টার দিকে উদ্ধারকারীদল উদ্ধার কাজ শুরু করে বলে আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানিয়েছেন।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রাজশাহীগামী ১৬ ডাউন ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে।
স্টেশন মাস্টার হাসিবুল বলেন, “আমনুরা বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী একটি ট্রেনের চারটি ওয়াগন স্টেশনে পৌঁছানোর আগ মুহুর্তে লাইনচ্যুত হয়। বিষয়টি দ্রুত ঊদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়।
“এরপরই উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করে। আমরা আশা করছি, দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।”
এর আগে ২৪ জানুয়ারি দুপুরে খুলনা কে ওয়ান আপ তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছিল।
