১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ছেলেকে মারধরের প্রতিবাদ করতে যাওয়া ট্রাক চালককে কুপিয়ে জখম

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

নড়াইলে ছেলেকে মারধরের প্রতিবাদ করতে যাওয়া ট্রাক চালককে কুপিয়ে জখম
রহিম শিকদার।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 11:00 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

নড়াইলের লোহাগড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে কিশোরদের হামলায় গুরুতর জখম হয়েছেন এক ট্রাক চালক। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার তদন্ত কর্মকর্তা অজিত কুমার রায়। 

আহত রহিম শিকদার (৩৫) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

পরিবার ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রহিম শিকদারের ১২ বছর বয়সী ছেলেকে ধোপাদহ এলাকার স্থানীয়দের কাছে ‘কিশোর গ্যাংয়ের নেতা’ হিসেবে পরিচিত এক কিশোর মারধর করে।

পরে ভুক্তভোগী কিশোর বিষয়টি তার বাবা রহিম শিকদারকে জানায়। ছেলেকে মারধরের প্রতিবাদ করতে রাত সাড়ে ৮টার দিকে রহিম শিকদার, তার ছেলেসহ কয়েকজন সুইচগেট এলাকায় যায়। 

এ সময় সেখানে ওৎ পেতে থাকা কিশোরসহ একদল দুর্বৃত্ত রহিম শিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারা রহিম শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। 

ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।