জুলাই অভ্যুত্থানের ১০ মাস পর নারায়ণগঞ্জে হত্যা মামলা, আসামি ৬২
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ১০ মাস পর সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে নারায়ণগঞ্জে আরেকটি হত্যা মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, গত বছরের ২০ জুলাই শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জুতা কারখানার শ্রমিক সজল মিয়া (২০)। তার মা রুনা বেগম শুক্রবার রাতে মামলাটি করেছেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
রুনা বেগম আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হাসান আলীর স্ত্রী।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এ ছাড়া এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুও এই মামলার আসামি।
অন্য আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সিরাজ মণ্ডল, নুরুউদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, আড়াইহাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান মোল্লা, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল মিয়া অংশগ্রহণ করেন। ২০ জুলাই বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই সময় সজল মিয়ার পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করে মরদেহ দ্রুত গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
