Published : 19 Jul 2026, 10:36 AM
ময়মনসিংহের সদর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের জন্য চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহত রাজিব ইসলাম (২৫) নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তার আড়াই বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাত ১১টার দিকে কয়েকজন যাত্রী রাজিবের ইজিবাইক ভাড়া করে। তারা ইজিবাইকে উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে।
পথে হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় এসে তারা চালককে কুপিয়ে হত্যা করে। এ সময় তাদের পিছনে আসা অন্য ইজিবাইকের চালক ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।
তবে স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই হত্যাকারীরা রাজিবের লাশ সড়কের পাশে জঙ্গলে ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।