Published : 16 Aug 2025, 08:29 PM
নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের অভিযোগে আটক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই যুবলীগ কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার বিকালে সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।
কারাগারে যাওয়ারা হলেন- উপজেলার দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাব্বির আহমেদের ছেলে মেহেদী হাসান সুমন (৪০), একই গ্রামের ক্বারী ওবায়দুল হকের ছেলে আবদুল করিম (৫২), দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন (৩২) এবং মুয়াজ্জিন নজরুল ইসলাম (২০)।
ওসি শাহীন মিয়া বলেন, শুক্রবার বিকাল সোয়া ৫টায় দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে ‘মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের’ ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
এতে কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী এবং সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ভিডিওটি নজরে এলে রাত ৯টার দিকে চারজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শনিবার বেলা ৩টার দিকে কবিরহাট থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন। মামলার ওই চারজন ছাড়াও ২৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৪৫ জনকে।
নোয়াখালীতে বঙ্গবন্ধুর মুত্যুবার্ষিকীতে মিলাদ, ইমাম-মুয়াজ্জিন আটক