Published : 16 Aug 2025, 11:39 AM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করায় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান।
আটক তিনজন হলেন- সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য মো. আবদুল করিম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকাল সোয়া ৫টায় চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
পরে মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ভিডিওটি নজরে এলে অভিযানে নামে পুলিশ। রাত ৯টার দিকে তিনজনকে আটক করে পুলিশ।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, তিনজনের বিরুদ্ধে মামলা হবে।
এদিকে এ ঘটনার পর ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।