Published : 26 Aug 2026, 12:26 PM
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের প্রাণ গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার সকালে মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।
নিহত ৩৫ বছর বয়সী রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।
স্থানীয়দের বরাতে ওসি মোস্তাফিজুর বলেন, “চার জন একটি নৌকায় করে সকালে মাছ ধরতে মহিষাসুরা হাওরে যান। মাছ ধরার এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান।
“এ সময় নৌকায় থাকা বাকি তিন জেলেও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।”
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।