Published : 16 Jul 2026, 07:22 PM
বরিশাল সদর উপজেলায় হত্যার হুমকি দিয়ে এক কিশোরীকে তুলে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে; যাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার ছয় দিন পর বুধবার ওই কিশোরীর মা মামলা করলে রাতেই একজনকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল-মামুন উল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
কারাগারে যাওয়া রুহুল আমিন আকন (২৯) উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন- একই এলাকার ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন। এ ছাড়া একজন নারীকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে ওসি আল-মামুন বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হওয়া ১৩ বছরের মেয়েটির মুখ চেপে ধরে ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশীর বাড়ির দোতলার ঘরে নিয়ে যাওয়া হয়।
“সেখানে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করা হয়। পরদিন ভোর ৫টার দিকে কিশোরীর কানে থাকা দুল ছিনিয়ে নিয়ে তাকে বের করে দেওয়া হয়। পরে বাড়ির পাশ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা।”
ওসি আল-মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রাতে তিন নম্বর আসামি রুহুলকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কিশোরী তাকে শনাক্ত করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।