১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিকেট কালোবাজারির বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে হামলা, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

টিকেট কালোবাজারির বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে হামলা, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির বিরুদ্ধে ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগীরা’ ব্যানারে মানববন্ধন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই শিক্ষার্থী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন। 

আহতদের মধ্যে সৌরভ এবং তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আটক শাহজাহান শহরের পুনিয়াউট মহল্লার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকেট সিন্ডিকেট, ব্ল্যাকারসহ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শাস্তি দাবিতে বেলা ১১টায় ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগীরা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে মানববন্ধন শেষে ফেরার পথে হামলার শিকার শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে মানববন্ধন শেষে ফেরার পথে হামলার শিকার শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা চলে যাওয়ার সময় তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাউন্টারের সামনে শাহজাহানসহ কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে চার শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে শাহজাহানকে আটক করেন। তবে অন্যরা পালিয়ে যায়।

ওসি মোজাফফর হোসেন বলেন, আটক শাহজাহানকে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হবে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্টেশনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। এ ঘটনায় মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত (মাস্টার) মো. জসিম উদ্দিন বলেন, “কেউ যদি অনলাইনে টিকেট কেটে বেশি দাম বিক্রি করে, সেটাতো রোধ করা যাবে না।”

তবে টিকেট কালোবাজারির সঙ্গে স্টেশনের কেউ জড়িত না বলে দাবি এই রেলওয়ে কর্মকর্তার।