১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় ২ রাইস মিল মালিকের জরিমানা

অটো রাইস মিলের ধানের তুষ, ছাই এবং গরম পানি খালে ফেলায় তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 07:31 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

চাঁদপুর শহরে অটো রাইস মিলের ধানের তুষ, ছাই এবং গরম পানি খালে ফেলে দূষণ ও ভরাট করায় দুই মিল মালিককে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শহরের পুরাণ বাজারে এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক।

বিকালে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানিতে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিল মালিককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে ফেলা ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইস মিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।