Published : 20 Mar 2026, 02:12 PM
গোপালগঞ্জের মুকসুদপুরে কভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
নিহত ৪০ বছর বয়সী ফারুক সরদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারায়ণদিয়া গ্রামের মো. আবুল হাশেম সরদারের ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কভার্ড ভ্যান ফারুককে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
“পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, ভাঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং কভার্ড ভ্যানটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবে হাইওয়ে পুলিশ।