Published : 19 Sep 2025, 09:05 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের সই করা পত্রে ওই ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
নোটিসে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আশিক আহমেদ বলেন, “দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণে তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিসের অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।”
নোটিস পাওয়া নেতারা হলেন, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য মো. মোস্তফা কামাল।
কারণ দর্শানোর নোটিস পাওয়া ছয় নেতার বিরুদ্ধে সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বিষোদগার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ ওঠে।
তারা নিজ নিজ অনুসারীদের নিয়ে চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছেন। এভাবেই তাদের বিরোধ প্রকাশ্যে আসে।
নোটিস পাওয়া বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ ও আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
কামাল আজাদ বলেন, “গত বছরের ৫ অগাস্টের পর উপজেলার চিরাম ইউনিয়নে মদ, গাজা, চাঁদাবাজি বেড়ে যায়।
“আমি এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তারপরও আমাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে শুনেছি। আমরা যথাসময়ে এর জবাব দেব।”
একই কথা বলেছেন, মতিউর রহমানও।