১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে মন্ত্রীর অনুষ্ঠানে ঢুকতে না পেরে সাংবাদিকদের ক্ষোভ

রাজবাড়ী পৌরসভার মিলনায়তনের বাইরে বসেই সময় কাটাতে হয়েছে সাংবাদিকদের।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 10:06 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

রাজবাড়ীতে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের অনুষ্ঠানে প্রবেশ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। 

অনুষ্ঠান চলাকালে রাজবাড়ী পৌরসভার মিলনায়তনের বাইরে বসেই সময় কাটাতে হয়েছে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের। 

রোববার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

এতে অতিথি ছিলেন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সাংবাদিকদের অভিযোগ, মিলনায়তনের ধারণক্ষমতা কম হওয়া সত্ত্বেও যথাযথ পরিকল্পনা ছাড়া অনুষ্ঠান আয়োজন করায় অধিকাংশ গণমাধ্যমকর্মী ভেতরে প্রবেশের সুযোগ পাননি। তাদের বাইরে অপেক্ষা করতে হয়।

এটিএন নিউজের রাজবাড়ী প্রতিনিধি মাসুদ রেজা শিশির ফেইসবুকে লেখেন, “মন্ত্রী মহোদয় ভেতরে বক্তব্য দেন আর ভেতরে বসার জায়গা না পেয়ে বাইরে এভাবেই অপেক্ষা করে বিড়ম্বনার শিকার হতে হয়।”

গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম ফেইসবুকে লিখেছেন, “দীর্ঘ সময় অপেক্ষার পরও অধিকাংশ টেলিভিশন সাংবাদিক অনুষ্ঠানে প্রবেশ করতে পারেননি। দায়িত্বশীলদের সমন্বয়হীনতা নাকি অন্য কোনো কারণ- তা নিয়ে প্রশ্ন ওঠেছে।”

এখন টিভির প্রতিনিধি নেহাল আহমেদ বলেন, “সহকর্মীদের নিমন্ত্রণ করে বাইরে বসিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের জবাবদিহি থাকা উচিত।”

নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মিঠুন গোস্বামী বলেন, “আয়োজকদের ব্যর্থতার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। অনুষ্ঠানের ব্যাপকতা বিবেচনায় বড় ভেন্যু নির্বাচন করা উচিত ছিল।”

এদিকে, অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ এর প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান অভিযোগ করেন, “শুধু ঢুকতে না দেওয়াই নয়, দায়িত্বে থাকা কয়েকজন প্রশাসনিক কর্মী অনেক সাংবাদিককে ধাক্কাও দিয়েছেন।”

আরও পড়ুন:নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রার আশ্বাস সেতুমন্ত্রীর