Published : 17 May 2026, 09:27 PM
কোরবানির ঈদকে কেন্দ্র করে নিরাপদ ও স্বস্তির যাত্রার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, “গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হয়েছিল। তবে এ বছর সেই ব্যত্যয় কাটিয়ে জনগণকে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা উপহার দেওয়া হবে। এ লক্ষ্যে সরকার নানা ধরনের প্রস্তুতি ও পদক্ষেপ নিয়েছে।”
রোববার দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ঈদের সময় ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যান। এত বিপুল সংখ্যক মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া বড় একটি চ্যালেঞ্জ। তবে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।”
তিনি বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনায় নিয়ে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ নিয়েও সরকার ভাবছে।”
২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহত ২৬ জনসহ মোট ৬২টি পরিবারের হাতে দুই কোটি ৬০ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান সাইফুল আলম উপস্থিত ছিলেন।