Published : 03 Apr 2026, 05:55 PM
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট সৃষ্টি হলেও সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনকল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিএনপি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নেও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
শনিবার লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করে এসব কথা বলেন আসাদুল হাবিব দুলু।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে।”
ত্রাণমন্ত্রী সরকারের দ্রুত পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। সরকার গঠনের পরপরই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
“ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যকর করা হয়েছে।”
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জানিয়ে
আসাদুল হাবিব দুলু বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক এবং সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপস্থিত ছিলেন।