Published : 23 Dec 2024, 06:38 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বেড়বাড়ী, সকাল ৯টার দিকে সখীপুর থানার গেইট সংলগ্ন এলাকায় ও সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলায় একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি রাতে কর্মস্থল থেকে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
এদিকে সকাল ৯টার দিকে সখীপুর থানার সামনে একটি ট্রাকের চাপায় ৭০ বছর বয়সি জয়েন উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গণি মিয়ার ছেলে।
অন্যদিকে, উপজেলার জোড়দিঘী এলাকায় বাজারে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ৪৫ বছর বয়সি আবু বকর নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
ওসি মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলগুলো থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।