রাঙামাটিতে পানিতে ডুবে ২ চাকমা শিশুর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে পাঁচ বছরের মেয়ে এবং নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিন দিন পর ১১ বছরের ছেলের লাশ উদ্ধার করা হয়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে খেদারমারা ইউনিয়নে এক শিশু এবং দুপুরে সাজেক ইউনিয়নে ভাসমান অবস্থায় আরেক শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানান বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
নিহতরা হলো- খেদারমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজিত বিকাশ চাকমার মেয়ে অনুষ্কা চাকমা (৫) এবং সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূয়াছড়ি এলাকায় লক্ষী রঞ্জন চাকমার ছেলে কান্দারা চাকমা (১১)।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্কা চাকমা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর ঘাট থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।
ইউএনও আমেনা মারজান বলেন, মঙ্গলবার সাজেক ইউনিয়নে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কান্দারা চাকমা। তিন দিন পর শিশুটির লাশ নদীতে ভেসে ওঠে।
